জাতীয় রাজস্ব বোর্ড সমীপে ফটো নির্মাতাদের আবেদন

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:২৬
গত ৫ জুন এস আর ও নং ১০৮ আইন/ ২০১৪/ ৭০৩ মূসক-এর মাধ্যমে ফটো নির্মাতা কর্তৃক প্রাপ্ত সমুদয় অর্থের ৭.৫% ভ্যাট ধার্য হলো, যা ছিল ৪.৫%। এ তো ‘মরার উপর খড়ার ঘা’। এক সময় ফিল্মের মাধ্যমে ছবি তোলা হতো, তাই ফিল্ম বিক্রি এবং প্রসেসিং-এর মাধ্যমে যেমন ভালো লাভ পাওয়া যেতো তেমনি ঐ নেগেটিভের প্রিন্ট থেকে রমরমা ব্যবসা ছিল যা এখন অতীত। ডিজিটালের আগ্রাসনে স্টুডিও বা ল্যাবের ব্যবসা এখন অলিতেগলিতে গড়ে ওঠা ফটোস্ট্যাট ও কম্পিউটারের দোকানে। পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য বা তার পরবর্তী কপির জন্য এখন আর যেমন স্টুডিওতে যাবার প্রয়োজন হয় না, তেমনি সবার মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট করার জন্য এখন আর ল্যাবে যেতে হয় না। কারণ কম্পিউটার বা টিভিতেই বড় স্ক্রিনে ছবি দেখা যায়, শুধু স্টোর করে রাখলেই হয়। মোবাইলে তোলা ছবিও এসব কম্পিউটারের দোকানে নিয়ে গেলে নিমিষেই পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে দিতে পারে কিংবা পুরানো কোনো পাসপোর্ট সাইজের ছবি থেকেও কপি করে দিতে পারে খুব অল্প খরচে, কম সময়ে। অথচ ওদের কোনো ভ্যাট দিতে হয় না। ওদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, শুধু আমাদের দুরবস্থার বর্ণনা দিতে গিয়ে এই প্রসঙ্গের অবতারণা। ছবি তোলা হয় এখন প্রচুর কিন্তু তার কতভাগ প্রিন্ট হয়? অনেকের কাছেই আজকাল ব্যক্তিগত ছোট ছোট প্রিন্টার আছে যা দিয়ে মানসম্পন্ন প্রিন্ট করা সম্ভব। আমাদের ব্যবসার বর্তমান অবস্থাটা টেকনোলজির মার। একটা সময় অলিতেগলিতে ভিডিও ক্যাসেট ভাড়ার দোকান ছিল যেখান থেকে ভিডিও ক্যাসেট ভাড়ায় নিয়ে ভিসিআর বা ভিসিপিতে ছবি দেখা হতো। টেকনোলজির পরিবর্তনের কারণে তা এখন বিলীন। অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে আমরাও এক সময় বিলীন হয়ে যাবো। এ অন্তিম মুহূর্তে কাস্টমার টানার জন্য যে যেভাবে পারি দ্রব্যমূল্যের এই ঊর্ধ্ববাজারেও আমরাই শুধু প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মূল্য বরং আরো কমিয়ে ব্যবসায় টিকে থাকার চেষ্টায় লিপ্ত আছি, সে ক্ষেত্রে কোনো কাস্টমারের কাছ থেকে ভ্যাট আদায করার প্রশ্নই ওঠে না। বাড়তি ভ্যাট কোথা থেকে দেবো? অনেক ল্যাব ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যারা এখনও টিম টিম করে চালিয়ে যাচ্ছে সেখানেও অনেক লোক খেটে খাবার একটা রাস্তা খুঁজে পাচ্ছে। অতিরিক্ত ভ্যাটে যেমন অনেক লোক ব্যবসা বন্ধ করে পুঁজি হারিয়ে রাস্তায় নামবে, তেমনি অনেক লোক কর্মহীন হয়ে পড়বে। সম্ভব হলে আমাদেরকেও ভ্যাটের আওতামুক্ত রাখুন অথবা ন্যূনতম ভ্যাট নির্ধারণের বিষয়টি পুনবিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সমীপে আকুল আবেদন জানাচ্ছি। এ ওয়াহিদ সরকার, প্লট সি, ই এন (সি) ১, সড়ক-৯৫, গুলশান ২, ঢাকা ১২১২