হোমনায় মাদকের ছড়াছড়ি

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৪৫
কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। গাঁজা, ফেনসিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ নানা ধরনের মাদক হোমনার বিভিন্ন স্পটে বিক্রি হচ্ছে। উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় সম্প্রতি জয়পুর ইউপি চেয়ারম্যান আঃ আজিজ সাব মিয়াসহ কয়েকজন মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মাদকের ছোবল থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে প্রশাসনের নিকট অনুরোধ করেন। তাদের দেয়া তথ্য মতে হোমনার মাদকের স্পটগুলো হচ্ছে হোমনা দুধ বাজার, হোমনা পুরাতন ও বর্তমান বাসস্ট্যান্ড, শিল্পকলার সামনে বটতলার নিচে পরিত্যক্ত ভবন, ভংগারচর, নিলখি, জয়পুর, ভাষানিয়া, ঘাড়মোড়া, দুলালপুর বাজার, রামকৃষ্ণপুর খেয়াঘাট, ঘনিয়ারচর, শ্রীমদ্দি মোড়ের বাজার, মনিপুর, পঞ্চবটি, বিজয়নগর, দড়িচর বাজারসহ উপজেলার বেশ কয়েকটি স্থানে মাদকের স্পট রয়েছে। হোমনা থানার নবাগত ওসি মো. কামরুজ্জামান সিকদার জানান, মাদক ও জুয়ার ব্যাপারে কোন ছাড় নাই। খুব শীঘ্রই আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব।