বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের মধ্যে আছেন ৩ জন

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৪৭
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কয়েক মাস যাবত্ চিকিত্সক সংকটে ভুগছে। ২২ জনের পদ থাকলেও মাত্র ৩ জন ডাক্তার দিয়ে চলছে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কার্যক্রম। ৫০ সিটের এই হাসপাতালে ওয়ার্ড সংখ্যা দুইটি। আলাদা শিশু ওয়ার্ড করার কথা থাকলেও মহিলা ওয়ার্ডেই চলছে শিশু ওয়ার্ডের কাজ। নবনির্মিত ভবনে শিশু ওয়ার্ড থাকলেও বিদ্যুত্ সমস্যার কারণে সেখানেও এখনি শিশুদের রাখা যাচ্ছে না। ফলে রোগীদের বিশেষ করে মহিলা ও শিশুদের হাসপাতালে এলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। এখানে কাগজে-কলমে নয়জন চিকিত্সক কর্মরত থাকলেও তিনজন দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বাইরে এবং একজন পাবনা মেডিক্যাল হাসপাতালে প্রেষণে রয়েছেন। এছাড়া শাম্মী নাসরিন নামের এক চিকিত্সক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন। এছাড়া উপজেলার তিনটি স্বাস্থ্য উপকেন্দ্রে একজনও মেডিক্যাল অফিসার বর্তমানে দায়িত্ব পালন করছেন না। অপারেশন থিয়েটার থাকলেও সিজারের ব্যবস্থা নেই। পাবনা বা স্থানীয় অন্যান্য ক্লিনিকে যেতে হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কার্তিক কুমার সাহা জানান, পাঁচ উপজেলার চাপ এই উপজেলাতে। চিকিত্সক সংকটের কথা সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।