ফেনীতে বিয়ে করার প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে আমির হোসাইন (২৫) নামে একজন সেনা সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। সে ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং সেনাবাহিনীর সিপাহী পদে টাঙ্গাইলের ঘাটাইলে কর্মরত।
পুলিশ জানায়, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের এক কিশোরীর সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে প্রেমের অভিনয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ওই সেনা সদস্য শনিবার বিকালে তাকে ফেনী নিয়ে আসে। পরে প্রবাসী আবাসিক হোটেলে নিয়ে ঐ কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে আমির হোসাইনকে আসামি করে রবিবার ফেনী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ফেনী ডিএসবির এএসপি মেজবাহ উদ্দিন কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের ও সেনা সদস্য গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
