দেশের গ্রামাঞ্চলে বিদ্যুত্ পৌঁছে দেয়ার লক্ষ্যে সৌরবিদ্যুত্ খাতে ৭ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার (৬০৮ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা) ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট-২ (আরই আরইডি-২) প্রকল্পের আওতায় অতিরিক্ত অর্থায়ন হিসেবে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বিভাগ এই অর্থ দিচ্ছে। গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ শাখার ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন ই কাইমস চুক্তিতে সই করেন। ৪০ বছর মেয়াদি এই ঋণের সুদের হার দশমিক ৭৫ শতাংশ। তবে এর মধ্যে ১০ বছর সুদমুক্ত সুবিধা রয়েছে।
বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে ৪ লাখ ৮০ হাজার সৌরবাড়ি প্রতিষ্ঠায় এই অর্থ ব্যয় করা হবে। ইআরডি’র অতিরিক্ত সচিব আরাস্তু খান জানান, দেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিদ্যুেসবা পৌঁছে দিতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌরবাড়ি প্রকল্প দেশের জ্বালানি সমস্যা, বিশেষ করে কেরোসিনের ওপর চাপ কমাতে সহায়তা করবে।
এদিকে গ্রামাঞ্চলের ৪২ শতাংশ মানুষ বিদ্যুত্ ব্যবহারের সুযোগ পাচ্ছে। তাই ২০২১ সালের মধ্যে সব মানুষের কাছে বিদ্যুেসবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার বিশ্বব্যাংকসহ একাধিক দাতার সহায়তায় আরইআরইডি-২ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ২০ লাখ মানুষের কাছে বিদ্যুেসবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। এছাড়া প্রকল্পের অধীনে ১৪শ ৫০টি বায়োগ্যাস প্ল্যান্ট ও ৪০টি সৌরসেচ পাম্প স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় অতিরিক্ত অর্থায়ন হিসেবে বিশ্বব্যাংক ৭ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে।
