রোজার শুরুতেই তীব্র যানজট চট্টগ্রামে

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:৩৮
রমজান মাসের প্রথম দিনেই সোমবার বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম তীব্র যানজটে ভারাক্রান্ত হয়ে পড়ে। প্রায় ৬০ লক্ষ মানুষ অধ্যুষিত এই নগরীর ১৫টি পয়েন্টে বিভিন্ন যানবাহন ও গণ-পরিবহনে আটকা পড়ে হাজার হাজার মানুষ। সকাল থেকে দিনের পুরোটা সময় জুড়েই নগরীতে চলেছে এই দুরবস্থা। রমজানের সময়সূচি অনুসারে সকালে ও বিকালে অফিস-আদালত ছুটি হওয়ার পর যানজটের তীব্রতা আরো ভয়াবহ রূপ নেয়। আজ মঙ্গলবার ব্যাংক-হলিডে হওয়ায় গতকাল সোমবার লেনদেন কেনাবেচার পরিমাণ বাড়ে। সেই সাথে নানা স্থানে পণ্য পরিবহনেও ছিল তুমুল ব্যস্ততা। ফলে নগরীর আগ্রাবাদ, চাক্তাই-খাতুনগঞ্জ, চকবাজার, শোলকবহর, সিডিএ এভিনিউ, পতেঙ্গাবন্দর এলাকায়, বিপণি-বিতান এলাকা, ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা, পাহাড়তলী, মুরাদপুর-অক্সিজেন, পাঁচলাইশ-মির্জাপুল ইত্যাদি ব্যবসা-বাণিজ্য নির্ভর এলাকাগুলোতে দিনভর তীব্র যানজট নগরীর স্বাভাবিক জীবন প্রবাহকে স্থবির করে দেয় বলে ব্যবসায়ীরা জানান। নগরীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাস্তার সিংহভাগ দখল করে ব্যাপক খোঁড়াখুঁড়ি, গত প্রায় দু’ সপ্তাহের বৃষ্টিপাতে বিনষ্ট নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গর্ত সারাই এবং উঠে যাওয়া কার্পেটিং পুনরায় ঠিক করতে ঠিকাদাররা দিনের ব্যস্ততম সময়ে কাজ চালাতে থাকায় যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাগুলো তাদের উন্নয়ন কাজ শুরু করে ভরা বর্ষা মৌসুমেই। বার বার বৃষ্টিজনিত প্লাবন ও ঢলে নির্মাণ সামগ্রী বিনষ্ট হয়ে যাওয়া এবং বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতির দোহাই দিয়ে ঠিকাদারদের আর্থিক লাভ করিয়ে দেয়া এবং নিজেরা আর্থিকভাবে লাভবান হতেই একশ্রেণীর কর্মকর্তা তাদের এইসব উন্নয়ন কাজ বর্ষা মৌসুমে শুরু করে থাকেন। তারা জানান, শুকনো মৌসুম এবং শীতের টানা তিনমাস কোনো সংস্থাকেই গত কয়েক যুগ ধরে নগরীর উন্নয়ন কাজ করতে দেখা যায় নি। এদিকে নগরীর বিভিন্ন স্থানে এক শ্রেণীর ভ্রাম্যমাণ ও নামিদামি রেস্তোরাঁর বিক্রেতারা ব্যস্ততম সড়কের প্রায় অর্ধেক জুড়ে ইফতারি সাজিয়ে বসে। ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানান, নগরীতে দুয়েকটি নতুন সড়ক হলেও বেশিরভাগ সড়কেরই ট্রাফিক ধারণ ক্ষমতা গত শতাব্দীর আশির দশকের ধারণ ক্ষমতার মধ্যে রয়ে গেছে। অন্যদিকে নগরীর জনসংখ্যা বৃদ্ধি তার সাথে পাল্লা দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন বৃদ্ধি ঘটেই চলেছে। তাদের মতে সমন্বিত নগর উন্নয়ন ও নগর সমপ্রসারণ না হওয়ায় এই যানজট এখন চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে।