সাংবাদিকদের নিয়ে করা বক্তব্য প্রত্যাহারের জন্য শামীম ওসমানের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। নারায়ণগঞ্জের আলোচিত এই সাংসদ সাংবাদিকদের সম্পর্কে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন বলে সোমবার সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়।
এতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সম্প্রতি যে কদর্য ও নোংরা ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেছেন সম্পাদক পরিষদ তার তীব্র নিন্দা জানাচ্ছে। সংসদ সদস্য তো নয়ই, একজন সাধারণ মানুষের মুখ থেকেও এ ধরনের অশ্লীল মন্তব্য কল্পনাও করা যায় না। আমরা মনে করি, শামীম ওসমান বিভিন্ন মহলের প্রশ্রয় পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন। তার আচরণ ও উচ্চারণে শুধু নিজেকেই নয়, সংসদের মর্যাদাও ক্ষুণ্ন করেছেন।’ অবিলম্বে শামীমকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, কোনো ভয়ভীতি, রক্তচক্ষু সাংবাদিকদের সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।’
