‘ডার্ক হর্স’ তকমা নিয়ে বিশ্বকাপ শুরু করা বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে জার্গেন ক্লিন্সম্যানের দল যুক্তরাষ্ট্রের। সালভাদরের অ্যারেনা ফন্তে নোভায় রাত দু’টায় অনুষ্ঠিত হবে খেলাটি। সবার আগে ইউরোপিয় বাছাইপর্ব পেরিয়ে ব্রাজিলের টিকেট কাটা বেলজিয়ামের পারফরম্যান্স এখনো পর্যন্ত সমালোচকদের মন ভরাতে পারেনি। যদিও গ্রুপ পর্বের তিনটি খেলাতেই জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সর্বশেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারায় ১-০ গোলে। মাঝে দ্বিতীয় ম্যাচে তারা রাশিয়াকে হারায় ১-০ গোলে।
তবে বেলজিয়ানদের এই জয়ের ধারাও ভয় ধরাতে পারছে না আমেরিকার কোচ ক্লিন্সম্যানের মনে। বর্ণাঢ্য এক খেলোয়াড়ি জীবনের অধিকারী এই জার্মান বলেন, আমেরিকানরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এই ম্যাচ জিতবেন তারাই। যদিও বেলজিয়ামকে কঠিন প্রতিপক্ষ মানতে আপত্তি নেই তার। জার্মানির পক্ষে তৃতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের অধিকারী এই সাবেক ফুটবল তারকা বলেন, ‘তাদের এমন কিছু খেলোয়াড় আছেন যাদের কারণে এই বিশ্বকাপে গোপন ফেবারিটদের একটি বেলজিয়াম। তবে, প্রকৃত অর্থে আমাদের কোন ভয় নেই। তাদের চ্যালেঞ্জ করার মত অবস্থায় আছি বলে আমরা মনে করছি। নিজেদের সেরা ফর্মে দেখা দিতে পারলে আমাদের পক্ষে যে কোন কিছু করাই সম্ভব।’
তবে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচের চেয়ে পারফরম্যান্স ভাল করতে হবে তার দলের খেলোয়াড়দের-স্মরণ করিয়ে দিলেন ক্লিন্সম্যান।
সাবেক এ স্ট্রাইকার বলেন, ‘প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে যতটা সন্ু্তষ্ট ছিলাম, অবশ্যই জার্মানির ম্যাচে ততটা ছিলাম না। এখন নকআউট পর্বে সবাই নিজ নিজ দলের কাছ থেকে শতভাগ চাইবে।’
শিষ্যরা নিজেদের সামর্থ্যের পূর্ণ অনুবাদ মাঠে করতে পারলে সমর্থকরদের ইচ্ছা পূরণ করা খুব কঠিন কিছু হবে না জানিয়ে ২০০৬ বিশ্বকাপে জার্মানির কোচ থাকা ক্লিন্সম্যান বলেন, ‘আমার বিশ্বাস আমার দলে কেউই এ পর্যন্ত শতভাগ দিয়েছে বলে দাবি করতে পারবে না। তবে এই ম্যাচে সেটা করার কোন বিকল্প নেই।’
ঘানাকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা আমেরিকা দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে রুখে দেয় পর্তুগালকে। দুর্দান্ত লড়াই করেও জার্মানির বিরুদ্ধে শেষ ম্যাচে তারা হেরে যায় ১-০ গোলে। সব মিলে পর্তুগালের সমান চার পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে পেছনে ফেলে তারা।
আজকের খেলা
দ্বিতীয় রাউণ্ড
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, রাত ১০:০০
বেলজিয়াম-যুক্তরাষ্ট্র, রাত ২:০০
