গল্প নয় সত্যি

গ্রাফিক্স ডিজাইনারের ব্যতিক্রমী সিভি

আপডেট : ০১ জুলাই ২০১৪, ১৯:৫৪
প্রতিযোগিতামূলক বাজারে একখানা চাকরি পাওয়া যে কতটা কষ্টের সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। তার উপর চাকরির ক্ষেত্রটি যদি হয় গ্রাফিক্স ডিজাইনের মতো কোনো স্থান, তাহলে স্রেফ ডিগ্রি দিয়েও অনেক সময় নিয়োগদাতাদের মন জয় করা যায় না। বরং সবাই চান তাদের প্রতিষ্ঠানে এমন কাউকে নিয়োগ দিতে যার রয়েছে পূর্বে ভালো কিছু ডিজাইন করার অভিজ্ঞতা। আর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নিজের যিকঞ্চিত অভিজ্ঞতাকে সৃষ্টিশীলভাবে তুলে ধরতেই সম্ক্রতি অভিনব এক জীবনবৃত্তান্ত বা সিভি তৈরি করে আলোচনার জন্ম দিয়েছেন কানাডার নবীন এক গ্রাফিক্স ডিজাইনার। ব্রেনান গ্লিসন নামের এই তরুণ তার একাডেমিক পড়াশোনার একেবারে শেষ পর্যায়ে এসে এমন কিছু একটা তৈরি করতে চাইছিলেন যেটি তাকে আর সবার চাইতে আলাদা করে চেনাতে সাহায্য করবে। একই সাথে হাজারও সিভি’র ভিড়ে তার সিভি’টি যেন বিশেষভাবে মনোযোগ কাড়তে সক্ষম হয় সেই পরিকল্পনাও ছিল তার মনে। আর এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতেই শেষতক ব্রেনান তার সিভি’টি মুদ্রিত করেন বিশেষভাবে তৈরি একটি ফোর-প্যাক বিয়ার বক্সের গায়ে। সাধারণত বাজার থেকে চারটি বিয়ার কিনলে যে ধরনের বাক্সে তা দেওয়া হয় সে ধরনের একটি বাক্সের গায়েই নিজের সিভি’টি ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলেন ব্রেনান। শুধু তাই নয়, এই বক্সের ভেতরে থাকা প্রতিটি বিয়ারের গায়ের অরিজিনাল লেবেল খুলে নিয়ে সেখানেও নিজের কাজের নমুনা উপস্থাপন করার পাশাপাশি জীবনবৃত্তান্তের প্রয়োজনীয় তথ্যগুলো উপস্থাপন করেন। ব্রেনানের এই ব্যতিক্রমী সিভি’টি যে ইতোমধ্যেই অসংখ্য নিয়োগদাতার মনোযোগ কেড়েছে তা তো বলাই বাহুল্য। তবে এর বাইরে ব্রেনানের জন্য বাড়তি পাওনা হয়ে এসেছে বিশ্বের একাধিক সংবাদমাধ্যমে তার এই মজার জীবনবৃত্তান্তের সংবাদ প্রকাশিত হওয়া এবং সেই সুবাদে গোটা দুনিয়ায় তার কাজের পরিচিতি ছড়িয়ে যাওয়া।