মিরসরাইয়ে স্কুলছাত্রী অপহরণ, আটক ১

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:২৬
মিরসরাইয়ের জাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় তাকে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরিফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে বিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে বখাটে যুবকদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে ডাকঘর এলাকার ইকবালসহ কয়েকজন বখাটে আমার মেয়েকে জোরপূর্বক সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। এর আগেও ওই বখাটেরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করতো বলে জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়ুয়া বলেন, আমরা পুলিশের কাছে জোর দাবি জানাই যে ভাবে হোক তারা যেন আমার বিদ্যালয়ের ছাত্রীকে ওই বখাটে যুবকদের হাত থেকে উদ্ধার করে। এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আটক আরিফের স্বীকারোক্তি অনুযায়ী আমরা ওই যুবকদের আটক এবং স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছি।