উল্লাপাড়া ইউএনও’কে বণিক সমিতির হুমকি

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২১:২৭
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজারে ভেজাল ও ফরমালিন বিরোধী অভিযান শুরু করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দিয়েছেন উল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস। ১লা রোজা থেকে উপজেলা প্রশাসন এই অভিযান শুরু করে। ভ্রাম্যমাণ আদালত ইতোমধ্যেই খাদ্যে ভেজাল ও ফরমালিন দেয়া এবং মাছ-মাংসের দোকানে ওজনে কম দেয়ার অপরাধে ১০ জন দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও ২শ’ লিটার ভেজাল সয়াবিন তেল এবং আধা মণ মালটা জব্দ করে ধ্বংস করেছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, উল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস সোমবার তাকে (ইউএনও) হুমকি দিয়ে বলেছেন, বাজার বণিক সমিতির অনুমতি ছাড়া ইউএনও উল্লাপাড়া বাজারে কোন প্রকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা কোন খাদ্য সামগ্রী জব্দ করতে পারবেন না। তাছাড়া ব্যবসায়ীদের কোন ক্ষতি হয় এমন কোন পদক্ষেপও তিনি নিতে পারবেন না। নির্বাহী কর্মকর্তা জানান, উল্লাপাড়া বাজারে বর্তমানে খাদ্যদ্রব্যে যেমন ভেজাল দেয়া হচ্ছে তেমনি ক্রেতাদেরকে ওজনেও যথেষ্ট কম দেয়া হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রচলিত রীতিতে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কোন সংগঠনের অনুমতি নেয়ার প্রয়োজন নেই। রোজার মাসে এ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে নির্বাহী কর্মকর্তা তার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। এ ব্যাপারে উল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ব্যবসায়ীদের স্বার্থের ব্যাপারে তিনি ইউএনও’র সঙ্গে কিছু কথা বললেও ওইভাবে হুমকি দেবার মত কিছু বলেননি।