মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের শুনানি ফের শুরু হয়েছে। শুনানিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আনীত তিন নম্বর অভিযোগ উপস্থাপন শেষ করে চার নম্বর অভিযোগের অংশবিশেষ তুলে ধরেন কামারুজ্জামানের আইনজীবী মো. নজরুল ইসলাম। বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এ শুনানি গ্রহণ করেন। এ সময় এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
তিন নম্বর অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫ জুলাই আলবদর ও রাজাকাররা পাকিস্তানি সেনাদের নিয়ে শেরপুরের সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় এবং নারীদের ধর্ষণ করে। গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। রাষ্ট্রপক্ষের আনীত ৭টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেয়া হয়।
