এলাকাভিত্তিক জমির কর ঠিক করেছে এনবিআর

আপডেট : ০১ জুলাই ২০১৪, ২২:৩০
রাজধানীর অভিজাত এলাকাসহ বিভিন্ন এলাকার জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে উেস করের হার ঠিক করে গতকাল মঙ্গলবার রাজস্ব বোর্ড (এনবিআর) বিধিমালা জারি করেছে। জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নতুন এই কর হার পহেলা জুলাই অর্থাত্ গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী, জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে দলিল মূল্যের উপর ৪ শতাংশ হারে কর দিতে হবে। তবে এক্ষেত্রে এলাকাভিত্তিক একটি সর্বনিম্ন অঙ্কও ঠিক করে দেয়া হয়েছে। দলিল মূল্যের ৪ শতাংশ বা ওই অঙ্কের মধ্যে যেটি বেশি সেই পরিমাণ উেস কর দিতে হবে। এক্ষেত্রে বাণিজ্যিক ও আবাসিক এলাকার জন্য আলাদা আলাদা কর হার নির্ধারণ করা হয়েছে। এছাড়া জমির মধ্যে কোন স্থাপনা, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বিক্রয়ের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে ৬০০ টাকা হারে কর দিতে হবে। নতুন হার অনুযায়ী, রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ-সাউথ রোড এবং মতিঝিলের বর্ধিত এলাকার জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রতি কাঠায় কমপক্ষে ১০ লাখ ৮০ হাজার টাকা কর দিতে হবে। কাওরান বাজার এলাকায় ৬ লাখ টাকা; নারায়ণগঞ্জ, বঙ্গবন্ধু এভিনিউ, বাড্ডা, সায়েদাবাদ, পোস্তগোলা, গেন্ডারিয়া এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও সিডিএ এভিনিউ এলাকায় কাঠাপ্রতি এর পরিমাণ কমপক্ষে ৩ লাখ ৬০ হাজার টাকা। উত্তরা, সোনারগাঁও জনপথ, শাহবাগ, পান্থপথ, বাংলামটর ও কাকরাইল এলাকায় ৬ লাখ টাকা, নবাবপুর এবং ফুলবাড়িয়া এলাকায় ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আবাসিক এলাকার জমি ক্রয় বিক্রয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে। উত্তরা ১ থেকে ৯ নম্বর সেক্টর, খিলগাঁও, আজিমপুর, রাজারবাগ, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, নিলক্ষেত এবং চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাইশ, নাসিরাবাদ, মেহেদিবাগ এলাকায় কমপক্ষে ৯০ হাজার টাকা, রাজধানীর গুলশান, বনানী এবং বারিধারায় ৩ লাখ ঢাকা, ধানমণ্ডি এলাকায় ২ লাখ ৪০ হাজার টাকা। কাকরাইল, সেগুনবাগিচা, বিজয়নগর, ইস্কাটন, গ্রীনরোড, এলিফ্যান্ট রোড এলাকায় মূল রাস্তার একশ ফুট ভেতরে ১ লাখ ২০ টাকা; গ্রিন রোড এবং ধানমণ্ডির ৩ নম্বর রোড থেকে ৮ নম্বর রোডের আবাসিক এলাকায় ২ লাখ ৪০ হাজার টাকা; উত্তরা ১০ থেকে ১৪ নম্বর সেক্টর, নিকুঞ্জ (উত্তর), বাড্ডা, গেণ্ডারিয়া, শ্যামপুর, আইজি ভবন ও টঙ্গি শিল্প এলাকায় ৬০ হাজার টাকা। এছাড়া শ্যামপুর, পোস্তগোলা ও জুরাইন শিল্প এলাকায় ৪৮ হাজার টাকা; খিলগাঁও এলাকায় রাস্তার ১০০ ফুট পাশে এবং রাজারবাগ এলাকায় মূল সড়কের ৪০ ফুট ভেতরে ৭২ হাজার টাকা এবং গোড়ান এলাকায় কমপক্ষে ৩০ হাজার টাকা কর দিতে হবে। তবে এসব এলাকার বাইরে গাজিপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং চট্টগ্রাম জেলার জন্য দলিল মূল্যের ৩ শতাংশ। একই হার প্রযোজ্য হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং যে কোন সিটি কর্পোরেশনভুক্ত এলাকার জমির বিক্রয়ের ক্ষেত্রে। তবে এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা অন্তর্ভুক্ত হবে না। এর বাইরে যে জেলা সদরের পৌরসভায়ও একই হারে কর প্রযোজ্য হবে। এছাড়া যে কোন পৌরসভা এলাকায় ২ শতাংশ এবং এর বাইরে দেশের যে কোন এলাকায় জমি বিক্রয়ের ক্ষেত্রে ১ শতাংশ হারে কর দিতে হবে। অর্থাত্ কর প্রদানের ক্ষেত্রে নতুন করে কৃষি জমিও অন্তর্ভুক্ত হলো। এর আগে কৃষি জমি বিক্রয়ের ক্ষেত্রে কর দিতে হতো না। এবারের বাজেটে নতুন করে কৃষি জমি বিক্রয়কেও করের আওতায় আনা হলো।