রাজধানীর অধিকাংশ ব্যস্ত সড়কে ফুট ওভার ব্রিজ থাকলেও অনেকেই তা ব্যবহার করেন না। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই দ্রুতগামী গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয়ে থাকেন। এক জনের দেখাদেখি যুক্ত হয় অনেকে, ফলে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত যানজট। এ জন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কেউ হারাচ্ছেন প্রাণ, মারাত্মকভাবে আহত হচ্ছেন অনেকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বহুবার আন্তরিকতার সঙ্গে নিয়ম না মানা এসব পথচারীদের বুঝিয়ে শুনিয়ে ফুট ওভার ব্রীজ বা আন্ডারপাস ব্যবহারের চেষ্টা করেছে। কিন্তু কোন অনুরোধ কাজে আসেনি। ফলে নিয়মভাঙ্গা পথচারীদের নিয়মের মধ্যে আনার জন্যই মহানগর পুলিশ কিছু কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। তবে এরমধ্যে থাকছে প্রথম দফায় বুঝিয়ে শুনিয়ে পথচারীদের সচেতন করা। যাতে আগামীতে এ ভুলটা না করে। তবে যে সব পথচারী পুলিশের এ অনুরোধ উপেক্ষা ও অবজ্ঞার চোখে দেখবে তাদের কাছ থেকে আদায় করা হবে জরিমানা (ডিএমপি অধ্যাদেশ অনুয়ায়ী), প্রয়োজনে একদিনের হাজত বাস। অথবা কোন কোন ক্ষেত্রে তাদেরকে কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে রাখা যেতে পারে। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। গতকাল মঙ্গলবার ডিএমপি সদর দফতরে রমজানে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে নগরীর ভিআইপি সড়কে রিকশা চলাচল, রাস্তার কাটা অংশ বন্ধসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা এবং করণীয় সম্পর্কে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রাপ্ত্য তথ্য থেকে জানা যায়, বর্তমানে রাজধানীতে ডিসিসিরি (ঢাকা সিটি কর্পোরেশন) অধীনে রয়েছে ৪১টি ফুট ওভার ব্রীজ। এরমধ্যে ৩৫টি স্টিলের। ৬টি কংক্রিটের। আর আন্ডারপাস রয়েছে ৩টি। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের রয়েছে ৩টি ওভার ব্রীজ। সূত্র জানায়, ডিসিসিরি আইনে ওভার ব্রীজ ব্যবহার না করলে শাস্তি হিসেবে একদিন এক রাত হাজত বাসের নিয়ম রাখা হলেও এর প্রয়োহ কখনও দেখা যায়নি।
উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, নগরীর অন্যতম ব্যস্ততম মোড় শাহবাগ। বারডেম হাসপাতালের সামনে রয়েছে সুন্দর ও আধুনিক মানের ফুট ওভার ব্রীজ। রাস্তার পাশে খানিক্ষণ দাঁড়ালেই বুঝতে পারবেন অবস্থা কতটা ভয়াবহ। দু’মিনিট দেরী করা যেন সয় না। দ্রুত বেগে চলা গাড়ির সামনেই দৌড়ে পারাপার। কে কাকে রোধে। প্রায় একই দৃশ্য জাতীয় প্রেস ক্লাবের সামনে। রাস্তার মাঝ বরাবর আইল্যান্ড। তার ওপরে লোহার নির্মিত বেড়া। নিচু হয়ে এই বেড়ার ফাঁক দিয়ে ঢুকে রাস্তা পার হলেও কেউ ওভার ব্রীজে ওঠে না। অথচ পথচারীদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্যই ফুট ওভার ব্রীজ। শুধু শাহবাগ বা প্রেস ক্লাবের সামনেই নয়, অন্যান্য এলাকায় ফুট ওভার ব্রীজ ও আন্ডারপাসগুলোরও একই অবস্থা।
কথা বলার শেষ পর্যায় পুলিশের এ কর্মকর্তা ছোট বেলায় শেখা সেই কথাটাই উচ্চারণ করলেন’ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি’। কিন্তু নগর জীবনে এসে আমরা অনেকেই তা বেমালুম ভুলে যাই। অথচ আইন না মেনে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেলে নিমিষেই শুরু হয় তান্ডব। পথচারীরা যানবাহন ভাংচুর শুরু করে। এ চিত্র তো নগর জীবনের অতি পরিচিত।
পুলিশের এ কর্মকর্তা নগরবাসীকে এ ব্যাপারে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, নিয়ম মেনে চলুন, অন্যকে মানতে উদ্বুদ্ধ করুন।
