বড়লেখায় নারী আইনজীবী আবিদা সুলতানা (৩৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন আবিদার স্বামী মো. শরিফুল ইসলাম বসুনিয়া। গতকাল মঙ্গলবার বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার আসামি তানভির আলমের ১০ দিন এবং তার স্ত্রী সাদিয়া ও মা নেহার বেগমের আটদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তানভিরের ছোটভাই আফছার আলম পলাতক রয়েছেন। এদের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ছিল্লারকান্দি। তবে কী কারণে আবিদাকে হত্যা করা হয়েছে তা এখনো রহস্যাবৃত।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, এখনো হত্যার কারণ জানা যায়নি। আমরা কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে আবিদা হত্যার প্রতিবাদে বড়লেখায় আইনজীবীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ আইনজীবী দীপক কুমার দাস। আইনজীবী জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, এপিপি গোপাল দত্ত, আইনজীবী ইয়াছিন আলী, শৈলেশ চন্দ্র রায় ও আফজাল হোসেন, হারুনুর রশিদ, সুভ্রত কুমার দত্ত প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার রাতে বাবার বাড়ি থেকে আবিদার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় একটি মসজিদের ইমাম তানভির, তানভিরের স্ত্রী ও মাকে আটক করে পুলিশ।
