রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার ইমারতের নকশা দ্রুত অনুমোদনের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেল গঠনের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাত্কালে রিহ্যাব নেতারা এ দাবি জানান।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, বহুতল ভবন তৈরির নকশা অনুমোদনের জন্য এক বছরেরও বেশি সময় লাগে। ওয়ান স্টপ সেল গঠনের মাধ্যমে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে নকশার অনুমোদন পাওয়া যাবে। গত বছরের ৩০ ডিসেম্বর এই সার্ভিস সেল গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২৩ জানুয়ারি মতামত ও প্রস্তাব গ্রহণ এবং সুপারিশ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি একাধিক সভা করলেও সেল গঠন করা হয়নি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মন্ত্রণালয়ের সচিবকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, বিভিন্ন সংস্থা, অধিদপ্তরের আইন সংশোধনের মাধ্যমে দ্রুত সেল গঠন করা যাবে।
গৃহায়ন ও গণপূর্ত সচিব গোলাম রব্বানী, রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল হক, সহ-সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান, যুগ্ম সম্পাদক শাকিল কামাল চৌধুরীসহ অন্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।
