ধলাই নদীতে সেতু না থাকায় দুই উপজেলাবাসীর দুর্ভোগ

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২১:২৬
নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধ্যবর্তী ধলাই নদীর উপর আন্দা ফেরিঘাটে পাকা সেতু না থাকায় প্রায় ১০টি গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর উদ্যোগে নদীর উপর তৈরি বাঁশের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় ওই ১০ গ্রামের মানুষকে। এক উপজেলার সাথে আরেক উপজেলায় সহজভাবে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুিট। এই সেতু দিয়ে পূর্বধলা ডিগ্রি কলেজ, রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ ও আগিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়ালেখা করছে চরম দুর্ভোগ ও জীবনের ঝুঁকি নিয়ে। অপরদিকে পূর্বধলা উপজেলার আন্দা, জটিয়াবর, মহিষবেড় ও উকুয়াকান্দা গ্রামের ছোট ছোট শিশুরা তারাকান্দা উপজেলার উলামাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে ওই সেতু পার হয়ে। পূর্বধলা উপজেলার পূর্বধলা সদর বাজার ও হোগলা এই দু’টি বাজার সেতুর অপর পাশের তারাকান্দা উপজেলার লোকজনের খুব কাছাকাছি হলেও প্রতিবন্ধকতা শুধু এই সেতুটি। পূর্বধলা উপজেলার আগিয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী সেতুটির গুরুত্বের কথা স্বীকার করে বলেন, তার পরিষদে এ সেতু নির্মাণের বাজেট নেই। তবে তার চেষ্টা অব্যাহত থাকবে। নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, সেতুটির ব্যাপারে তিনি অবগত নন। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন।