আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের সৈয়দ মঈনুল হক কচির বাড়িতে বিদ্যুতের বিল বকেয়া থাকায় বিদ্যুত্ অফিস ৩০ জুন বিল পরিশোধের ডেট লাইন দেয়্। কিন্তু উক্ত গ্রাহক নির্ধারিত তারিখে বিল পরিশোধ না করায় বিদ্যুত্ অফিস থেকে গত মঙ্গলবার উপজেলা বিদ্যুত্ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন তরফদার ৫ লাইনম্যানকে সাথে নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এ সময় উক্ত গ্রাহকের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গ্রাহক ঘরে থাকা বন্দুক দিয়ে পিলারে ওঠা লাইনম্যান মোকছেদ আলমকে লক্ষ্য করে গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার দু’পায়ের ফাঁক দিয়ে চলে যাওয়ায় প্রাণে বেঁচে যায়। এ ব্যাপারে বিদ্যুত্ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বন্দুকটি ক্লোজ করে থানায় আনার জন্য গ্রাহকের বাড়িতে ফোর্স পাঠিয়েছে বলে সাংবাদিকদের জানান। এ বিষয়ে অভিযুক্ত কচির নিজস্ব ফোনে বিষয়টি জানার জন্য চেষ্টা করলে ফোনটি বন্ধ যায়। এ ব্যাপারে ওই রাতেই আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে।
