দলীয় প্রধান খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা দেখিয়ে রাজনীতিবিদদের সম্মানে জনপ্রতি ৩০ টাকা মূল্যের ইফতার করিয়েছে বিএনপি। ৩০ টাকার এই ইফতারে ছিল-দুটি খেজুর, একটা জিলাপি, একটা বেগুনি, একটা পেঁয়াজু, ছোলা, ভাজি, মুড়ি ও ছোট এক বোতল (৩৩০ মিলি) পানি। গতকাল মঙ্গলবার ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিএনপির এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় ঐক্যজোট, পেশাজীবী নেতারা অংশগ্রহণ করেন। কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের আশু আরোগ্য কামনাসহ আটক নেতাকর্মীদের জন্য দোয়াও করা হয়।
ইফতারির আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের এই আয়োজনে অংশ নিতে হচ্ছে। আপনারা সবাই জানেন, খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তাকে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। এই রমজান মাসেও তিনি কারাগারে থেকে বন্দি অবস্থায় পিজি হাসপাতালের ছোট্ট একটি কক্ষে ইফতারের জন্য অপেক্ষা করছেন। তার ইফতারের জন্য বরাদ্দ মাত্র ৩০ টাকা। সেজন্যই আমাদের আজকের ইফতারের আয়োজনও ৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছি।
ইফতার মাহফিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে গণফোরামের আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জেএসডির আবদুল মালেক রতন, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এস এম আকবর, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদলসহ ২০ দলীয় জোট ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
