গৌরনদীতে নারী পাচারের অভিযোগে তিনজন গ্রেপ্তার

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:০১
বরিশালের গৌরনদী উপজেলার শৌলাকর গ্রামে এক কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের অভিযোগে গতকাল বুধবার সকালে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। মামলার বিবরণে প্রকাশ, উপজেলার শৌলকর গ্রামের দিনমজুরের কন্যাকে (১৫) লেবাননে চাকরি দেয়ার কথা বলে ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতিবেশী লিপি আক্তার, তার স্বামী মো. জব্বার তালুকদারসহ চারজন। কিন্তু তাকে লেবাননে না পাঠিয়ে পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়েছে। এ বিষয়ে আসামিদের কাছে জানতে চাইলে দিনমজুর ও তার স্ত্রীকে মারধর করে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি লিপি আক্তার তার স্বামী মো. জব্বার তালুকদার ও রাসেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।