সাঈদীকে চাঁদে দেখার গুজবে তাণ্ডব

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:৪৪
যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের নেতা দেলওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজবে তান্ডবের ঘটনায় জেলার নন্দীগ্রামে জামায়াত-শিবিরের ২৬৮ জনকে চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডল রয়েছেন। নন্দীগ্রাম উপজেলা পরিষদের অফিস সুপার শহিদুল ইসলামের দায়ের করা মামলার অভিযোগ তদন্ত করে এ চার্জশিট দাখিল করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ঘটনায় গত ১৩ এপ্রিল ৩২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। কিন্তু দাখিলকৃত চার্জশিট পুনরায় তদন্তের আদেশ দেয় আদালত। পুন:তদন্ত শেষে গত ২৭ জুন ২৬৮ জনকে অভিযুক্ত করে পুনরায় চার্জশিট দাখিল করেন নন্দীগ্রাম থানার ওসি পুলিশ পরিদর্শক শাহজাহান আলী। উল্লেখ্য, জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে এমন গুজব রটিয়ে অভিযুক্ত আসামিরা ২০১৩ সালের ৩ মার্চ সকাল ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলা পরিষদে প্রবেশ করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারি বিভিন্ন অফিসে হামলা চালিয়ে ভাংচুর-অগ্নিসংযোগসহ নাশকতা চালায়। এতে প্রায় ৭ কোটির টাকার ক্ষতি হয়।