তিন মন্ত্রণালয়ে নতুন সচিব

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:৪৫
স্বরাষ্ট্র, অর্থ ও জ্বালানি মন্ত্রণালয়ে সচিব পদে নতুন তিনজনকে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ সচিব পদে নিয়োগ পেয়েছেন বর্তমান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, স্বরাষ্ট্র সচিব হয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান এবং বাণিজ্যসচিব পদে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তিন মন্ত্রণালয়ে ঐ তিনজনের নিয়োগের বিষয়ে আদেশ জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমান অর্থসচিব ফজলে কবির আজ বৃহস্পতিবার ও স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ ৮ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। এ ছাড়া গতকাল পিআরএলে গিয়েছেন বেসরকারিকরণ কমিশনের সদস্য রোকেয়া সুলতানা। জনপ্রশাসন মন্ত্রণালয়সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের ১০ জন সচিব এবং আগামী বছরের জুনের মধ্যে আরো ১০ জন সচিব অবসরে যাচ্ছেন।