নন্দীগ্রামে এমপির বিরুদ্ধে অশালীন মিছিল

আপডেট : ০২ জুলাই ২০১৪, ২২:৪৯
বগুড়ার নন্দীগ্রামে জাসদ দলীয় এমপির বিরুদ্ধে জুতা মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। জাসদ নেতাকর্মীরা এর প্রতিবাদে মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে লাঞ্ছিত করেছে। এ নিয়ে উভয় দলে মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের আশঙ্কায় উপজেলা পরিষদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর জেলা সভাপতি রেজাউল করিম তানসেনের বিরুদ্ধে নন্দীগ্রাম উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় গম বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গতকাল বুধবার দুপুর জুতা মিছিল করেছে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুর রহমানের নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে এমপির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বক্তৃতা করেন জাহেদুর রহমান। এদিকে আওয়ামী লীগের মিছিলের পরপরই উপজেলা জাসদের নেতা কামরুজ্জামান কামরুল ও এমপির ছোটভাই মাহবুবুর রহমান রুস্তমের নেতৃত্বে জাসদের নেতাকর্মীরাও উপজেলা পরিষদের সামনে থেকে জুতা মিছিলের প্রতিবাদে মিছিল বের করেন। পরে জাসদ নেতাকর্মীরা মিছিল থেকে বের হয়ে আওয়ামী লীগ সভাপতি জাহিদুর রহমানকে লাঞ্ছিত করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান অভিযোগ করেন, “এমপি তানসেন এলাকায় যেসব কর্মকাণ্ড করছেন তার প্রতিবাদ করতে জুতা মিছিল করা হয়েছে। এরপরও যদি তিনি অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য বন্ধ না করেন তাহলে তার বিরুদ্ধে আবারও কর্মসূচি দেয়া হবে।” এমপি তানসেন সংসদ অধিবেশনে থাকায় সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার পক্ষে জাসদ নেতা কামরুল বলেন, আওয়ামী লীগ সভাপতি ব্যক্তিগতভাবে এমপির কাছে অনৈতিক সুবিধা দাবি করে ব্যর্থ হন। এ কারণে তিনি নিজস্ব কিছু লোক নিয়ে অশালীন শ্লোগান দিয়ে মিছিল করেছে। তার প্রতিবাদে জাসদের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেছে।