বাগেরহাটে একই পরিবারের ৪ সদস্যকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১১
বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামে একই পরিবারের ৪ সদস্যকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির সকলেই পলাতক। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো বরগুনার বামনা উপজেলার ঘুদীহাদা গ্রামের আব্দুল কুদ্দুস, একই উপজেলার জোয়াতলা গ্রামের শহিদ সর্দ্দার, বাগেরহাটের নাগেরবাজার এলাকার শহিদ সর্দারের স্ত্রী মফিলা বেগম, পিরোজপুর জেলার বড় মাছুয়া গ্রামের শাহ আলম ফকির ও ঢাকার রামপুরার বৌদ্ধপট্টি এলাকার কদম আলী ওরফে হালিম কাসাইয়ের ছেলে ওহিদুল ওরফে শহিদুল। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামে ২০০০ সালের ৯ মার্চ রাতে আসামিরা গৃহকর্তা গাজী সাহাবুদ্দিনের বাড়িতে এসে আত্মীয় পরিচয়ে রাত্রিযাপন করে। আসামিরা ওই পরিবারের সদস্যদের ড্রাগ মিশ্রিত মিষ্টি খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণালংকার লুটের পাশাপাশি গৃহকর্তা গাজী সাহাবুদ্দিন, তার স্ত্রী তহমিনা বেগম, মেয়ে লিলি আক্তারকে গলাকেটে ও ছেলে মনির হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে।