নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভোরে পারিবারিক কলহের জের ধরে ছুরিকাঘাতে তাসলিমা বেগম (৩০) নামে এক অন্তঃসত্ত্বাকে হত্যা করা হয়েছে। এনজিও’র কিস্তির টাকা নিয়ে কলহের জের ধরে ভাসুর ও তার স্ত্রী মিলে এ হত্যাকাণ্ড ঘটায়।
এ ঘটনায় পুলিশ আমির হোসেনের স্ত্রী শিল্পী বেগমকে আটক করেছে। আমির হোসেন পালিয়ে গেছে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোকারম হোসেন জানান, তাসলিমা ‘আশা’ নামের একটি এনজিও থেকে লোন নেয়। কিস্তির টাকা প্রদানে বিলম্ব করায় প্রায় সময়েই বাড়িতে লোকজন যাতায়াত করে তাগাদা দিত। বিষয়টি তাসলিমার ভাসুর আমির হোসেন ও তার স্ত্রী শিল্পী বেগম আপত্তি করে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাসলিমাকে ছুরিকাঘাত করে আমির হোসেন। হাসপাতালে নেয়ার পথে তাসলিমা মারা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
