জম্মু ও কাশ্মিরে তিন ব্যক্তি গুলিতে নিহত

আপডেট : ০৩ জুলাই ২০১৪, ২১:১৭
ভারতের জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় অবৈধ অনুপ্রবেশকারী ৩ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পৌঞ্চ জেলায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ সময় সেনাবাহিনী ও অনুপ্রবেশকারীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। -বিডিনিউজ একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, “বৃহস্পতিবার সকালে পৌঞ্চের বালনই সীমান্তের নিয়ন্ত্রণরেখার কাছে ভারি অস্ত্রে সজ্জিত অবৈধ অনুপ্রবেশকারীদের একটি দলের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি হয়।” তিনি আরো বলেন, “সেনাবাহিনী ওই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশকারী একটি দলকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় ভারি অস্ত্রে সজ্জিত দলটি সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। এতে করে দু’পক্ষের মধ্যে লড়াই বেধে যায়।” এ লড়াইয়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে আইএএনএস জানালেও এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা সম্ভব হয়নি। ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মির সফরের একদিন আগেই সেখানে এ ঘটনা ঘটল।