রাজধানীর মুগদায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহীদ হোসেন (৪২) নামে পত্রিকা অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। গতকাল ভোর সোয়া ৩টার দিকে মান্ডা এলাকার ছাতা মসজিদ গলির ৫৫৩ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। শহীদ ‘নিউজ টুডে’ পত্রিকার বাঁধাইয়ের কাজ করতেন। নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে আরামবাগ ইডেন মসজিদের পাশে পত্রিকার ছাপাখানায় বাঁধাইয়ের কাজ শেষে বাসায় ফিরছিলেন শহীদ। বাসার সামনে পৌঁছামাত্র কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। পরে তারা শহীদের বুক, পিঠ ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার শীতলপাড়া গ্রামে।
মুগদা থানার ওসি (তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটতে পারে। তবে দুর্বৃত্তরা ছিনতাইকারীও হতে পারে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
শ্যামপুরে ৬৫ হাজার টাকা ছিনতাই
রাজধানীর শ্যামপুরে আইয়ুব আলী (২৫) নামে এক ব্যক্তির মাথায় ও হাতে ছুরিকাঘাত করে ৬৫ হাজার টাকা লুট করেছে ছিনতাইকারীরা। আইয়ুব কদমতলী এলাকার গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি। গতকাল বেলা ১১টার দিকে ওয়াসার রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। ঐ এলাকার গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর কর্মকর্তা হারুনুর রশিদ জানান, সকালে ওয়াসার রেল গেইট এলাকায় ৪-৫ জন ছিনতাইকারী তার মাথায় ও হাতে আঘাত করে ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত আইয়ুবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ওয়ারীর আরকে মিশন রোডের ৬৭ নম্বর বাসার চারজনকে অজ্ঞান করে ৫ লাখ টাকার মালামাল লুট করেছে ঐ বাসার গৃহকর্মী। তারা হলেন- গৃহকত্রী পারভীন আক্তার (৬০), তার ছেলে উজ্জল হোসেন (২২), জমিরন বেগম (৬০) ও পারুল আক্তার (৩৫)। গতকাল ভোরে সেহরীর সময় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদের অজ্ঞান করে স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে গৃহকর্মী রিনা আক্তার।
