সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অংশীদার হিসাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক ওয়াশিংটন দেখতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক আলোচনা সভায় তিনি একথা জানান।
নিউ জর্সির এডিসন সিটির রয়েল এলবার্ট প্যালেসে ভারতে নতুন সরকারের গঠনের পর যুক্তরাষ্ট্রের নীতি বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন নিশা বিসওয়াল।
‘ফেডারেশন অব ইন্ডিয়ান এসোসিয়েশন’ আয়োজিত ওই সভায় যুক্তরাষ্ট্র সিলেটে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেলেনদেজও বক্তব্য রাখেন।
সভায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের উত্তরে বিসওয়াল বলেন, ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক একই থাকবে বলে তারা মনে করেন। এক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোদীর সম্পর্কোন্নয়নের উদ্যোগকে তুলে ধরেন তিনি। “প্রধান মন্ত্রীর (মোদী) শপথ অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্রসমূহের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ একটি দিকের প্রকাশ ঘটেছে। নিকট প্রতিবেশীদের সঙ্গে ভারতের আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ঐকান্তিক আগ্রহের প্রকাশ ঘটেছে।”
সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের মতো বাংলাদেশও যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার উল্লেখ করে বিসওয়াল বলেন, “দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তার স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে বলে আমরা আশা করছি।”
সিনেটর মেনেনদেজ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের বিকাশে ভারতের ভূমিকা অপরিসীম এবং সত্যিকারের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠতে ভারত নেতৃত্ব নিতে পারে। দক্ষিণ এশিয়ায় স্থিতি বজায় রাখতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিষয়ে তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য তার দেশ ঢাকাকে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মানুষের নিরাপত্তা আরো সুসংহত করতে সুশীল সমাজকে নানা বিষয়ে অবদান রাখার আরো বেশি সুযোগ দেয়ার পরামর্শ দেন তিনি।
সেইসঙ্গে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। এই সভায় বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে উপস্থিত ছিরেন ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য এবং আওয়ামী লীগ নেতা খোরশেদ খন্দকার এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী।
