মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির উত্খাতের বর্ষপূর্তিতে বিক্ষোভ প্রদর্শন ও বোমা বিস্ফোরণের ঘটনায় প্রায় ২০০ জনকে আটক করা হয়েছে। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার দেশের বিভিন্নস্থানে বোমা হামলার ঘটনায় তিনজন নিহত এবং আহত হয়েছে আরো ছয়জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। এদিকে এ ধরনের সহিংসতাকে নিন্দা জানালেও বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ব্রাদারহুড। এদিন রাজধানী কায়রো, আলেক্সান্দ্রিয়া, আসুইত এবং ফাইয়ুমসহ বেশ কয়েকটি প্রদেশে মুরসি সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে। কায়রো থেকে দূরে কিরদাশাহ শহরে একটি এপার্টমেন্টে বোমা বিস্ফোরণ ঘটে। এতে বোমা বহনকারী দু’জন নিহত হয়। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, গির্জায় নিরাপত্তা বাহিনীর সাথে মুরসি সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়।
এছাড়া আলেক্সান্দ্রিয়ায় ট্রেনে বোমা বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে বলে অপর এক কর্মকর্তা জানিয়েছে। এছাড়া দেশটির রাজধানী কায়রোর তিনটি পুলিশ স্টেশন বোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীরা কায়রোয় বিমান বাহিনীর একটি হাসপাতালের কাছে এবং সুয়েজের দক্ষিণাঞ্চলীয় শহর আসুইতে পুলিশ ও রেলওয়ে স্টেশনকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ওদিকে বর্ষপূর্তি উপলক্ষে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, মুরসিকে ক্ষমতা থেকে সরানোর পর থেকে দেশটিতে মানবাধিকার পরিস্থিতির ব্যাপকভাবে অবনতি ঘটে চলেছে।
