সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিতে যাচ্ছে হামাস

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২০:১৬
অবশেষে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দিতে যাচ্ছে হামাস। এর আগে গত কয়েকদিন ধরে ইসরাইলের দক্ষিণে হামাসের রকেট হামলার ঘটনায় গাজা সীমান্তে আরো সামরিক শক্তি বৃদ্ধি করছিল ইসরাইল। গত বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়। ফিলিস্তিনের এক সামরিক সূত্র জানিয়েছে, মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সহায়তায় এ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়া সম্ভব হচ্ছে। এদিকে সম্প্রতি গাজা থেকে ইসরাইলের দক্ষিণে রকেট হামলা চালানো হয়। তার প্রতিক্রিয়ায় দেশটি হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলা শুরু করে। বৃহস্পতিবার ভোররাতে মানুষজন যখন রোজা রাখতে সেহেরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ইসরাইলি বিমান হামলায় ১১ জন আহত হয়। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে গাজার স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে। ইসরাইলের সামরিক সূত্র জানিয়েছে, গাজায় ‘সন্ত্রাসী স্থান’ হিসেবে পরিচিত এমন ১৫টি জায়গায় বিমান হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে প্রশিক্ষণ দেয়াসহ অস্ত্র তৈরির কারখানার মত স্থান রয়েছে। গাজায় এমন সময়ে হামলাটি চালানো হল যখন নিহত কিশোর আবু খদাইরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য ফিলিস্তিনিরা প্রস্তুতি নিচ্ছিল। এর ফলে ইসরাইলে সম্ভাব্য হামলা হতে পারে এ আশঙ্কায় গাজা সীমান্তে আরো ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করে ইসরাইল। এদিকে পূর্ব জেরুজালেমে কিশোরটির কৃত্যানুষ্ঠান হতে দেরি হওয়ায় ঐ এলাকায় উত্তেজনা আরো ঘনীভূত হচ্ছে। এমন সময়ে যুদ্ধবিরতির ঘোষণার বিষয়ে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’পক্ষের মধ্যেই যোগাযোগ চলছে। মিসরের কর্মকর্তারা তাদের মধ্যে নতুন করে সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সহায়তা করেছেন এবং কয়েক ঘন্টার মধ্যেই এ চুক্তির ঘোষণা আসার কথা রয়েছে।