দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত তার চার বেডরুমের সরকারি বাসভবনে ৩১টি এসি, ২৫টি হিটার ব্যবহার করতেন। ভারতীয় সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (সিপিডব্লিউডি) এ তথ্য দিয়েছে।
সিপি-ডব্লিউডির বরাতে শুক্রবার এনডিটিভি জানিয়েছে, তথ্য অধিকার আইনে সুভাষ আগারওয়াল নামে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছে সরকারি ওই দপ্তরটি। এছাড়া দিল্লির মোতিলাল নেহেরু সড়কের ওই বাড়িতে ১৫টি এয়ারকুলার, ১২টি পানি গরম করার যন্ত্র ও ১৬টি বাতাস বিশুদ্ধ করার যন্ত্রও ছিল। উল্লেখ্য, ভারতের সরকারি বাসভবনগুলোর তত্ত্বাবধান করে সিপিডব্লিউডি। দীক্ষিতের চাহিদা অনুযায়ী এসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ১৯২০ সালে নির্মিত ওই বাসভবনটিতে স্থাপন করতে ১৭ লাখ রুপি খরচ করতে হয়েছে বলে জানিয়েছে সিপিডব্লিউডি।
শিলা দীক্ষিত ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৩ সালের ডিসেম্বরে দিল্লির বিধানসভা নির্বাচনে হেরে মুখ্যমন্ত্রীর পদ হারান কংগ্রেসের এই নেতা। লোকসভা নির্বা-চনের কয়েকদিন আগে ১১ মার্চ ৭৬ বছর বয়সী শিলা দীক্ষিতকে কেরালা রাজ্যের গভর্নর হিসেবে নিয়োগ দেয় তত্কালীন কংগ্রেস সরকার। দীক্ষিত এখন সেই রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্বরত আছেন। আর তার ছেড়ে যাওয়া ঐ বাসভবনটি ভারতের সদ্য সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বরাদ্দ দেয়া হয়েছে।
