কুয়েতে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২০:১৮
কুয়েতের পুলিশ কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করে সরকার বিরোধীদের সমাবেশ ভেঙ্গে দিয়েছে। বিশিষ্ট ভিন্ন মতাবলম্বী মুসাল্ল¬াম আল-বারাকের মুক্তির দাবিতে বৃহস্পতিবার এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এর আগে বুধবার সরকারি কৌঁসুলি সাবেক এমপি বারাককে ১০ দিনের আটকাদেশ দেয়া হয়। বিচারবিভাগকে অপমান করার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের পর এ নির্দেশ দেয়া হয়। সক্রিয় কর্মীরা জানান, কুয়েত সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বারাকের বাসভবনে কয়েক হাজার লোক জড়ো হয়ে মিছিল করে নিকটস্থ জেলখানার দিকে অগ্রসর হয়। এখানেই সাবেক বিরোধীদলীয় এই নেতাকে আটক করে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা কারাগারে পৌঁছালে পুলিশ কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটির অন্যান্য স্থানে একই ধরনের বিক্ষোভ হয়েছে।