আশুলিয়ায় স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:২৯
শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে পাষন্ড স্বামী। গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকার হোসেন মোল্লার ভাড়া বাড়িতে এই হত্যাকান্ড ঘটেছে। নিহত রীনা আক্তারের (২২) গ্রামের বাড়ি নওগাঁ জেলার দামুরহাট থানার বোটবাড়িতে। তার বাবার নাম গিয়াস উদ্দিন। নিহতের ভাই সোহেল জানান, তার বোন রীনা আক্তারের সাথে যশোর সদর এলাকার রিপন হাসানের (২৮) সাথে পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই রীনা আক্তার তার স্বামীর সাথে আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। এদিকে রীনাকে বিয়ের দুই বছর পর তাকে না জানিয়ে তার স্বামী যশোর এলাকায় আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার রাতে রীনাকে তার স্বামী পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর ঘরের দরজা বাইরে থেকে আটকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রিপন। পরে সে নিহতের ভাই সোহেলের মুঠোফোনে তার বোনকে হত্যা করার বিষয়টি জানালে তারা ওই রাতেই বাড়িতে ছুটে আসেন। তারা ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রীনার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে।