রংপুর প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার কোতয়ালী থানা পুলিশ মহানগরীর আর কে রোড এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৯ জন ছিনতাইকারীকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে। এসময় ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত একটি ল্যাপটপ ও একটি ডেক্সটপ কম্পিউটার এবং ছিনতাই এর কাজে ব্যবহূত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ইসলামবাগ আর কে রোডের লুত্ফর রহমান বিদ্যুত্, পিন্টু এবং রাফসান জানি, ধাপ কটকিপাড়ার সালাম হোসেন রনি ও মেহেদী হাসান, ধাপ লাল কুঠির আল আমিন ও রেজা হোসেন বাপ্পী এবং ধাপ স্টাফ কোয়ার্টার এলাকার জাহিদ হাসান। তাদের কাছে পাওয়া গেছে ৯টি ধারালো সামুরাই। উদ্ধারকৃত ল্যাপটপের মালিক ছিনতাইকারীদের সনাক্ত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, এ সংক্রান্ত কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি এবং ছিনতাই আইনে অপর একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
