টঙ্গী বিসিক এলাকার বাটারফ্লাই ওয়্যার হাউজের নিরাপত্তা প্রহরী ও সুপারভাইজারকে অজ্ঞান করে ওয়্যার হাউজের সামনে থেকে ২৪টি ফ্রিজসহ কোম্পানির নিজস্ব একটি কাভার্ড ভ্যান লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার এঘটনায় টঙ্গী থানায় একটি মামলা হয়েছে।
থানায় দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কোম্পানীর গাড়ি চালক আনোয়ার হোসেন ২৪টি ফ্রিজ বোঝাই কাভার্ড ভ্যানটি (নং ঢাকা-মেট্রো-অ-১১-১৬৮৩) বিসিকস্থ ওয়্যার হাউজের মূল ফটকের সামনে রেখে বাসায় চলে যান। রাত সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত ওয়্যার হাউজের সুপারভাইজার হুমায়ুন কবির (৪২) ও নিরাপত্তা প্রহরী আনিসুল হককে (৩২) নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত রুমাল নাকে চেপে ধরে অজ্ঞান করে ফ্রিজভর্তি কাভার্ড ভ্যানটি নিয়ে যায়। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী এলজি বাটারফ্লাই ওয়্যার হাউজের ইনচার্জ হাদিউল ইসলাম জানান, লুণ্ঠনকৃত কাভার্ড ভ্যান ও ফ্রিজগুলোর মূল্য প্রায় পৌনে এক কোটি টাকা। টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কাভার্ড ভ্যানসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে।
