ব্রহ্মপুত্র নদে বাড়ছে পানি ডুবছে ফসল

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৫
ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির ফলে নদের তীরবর্তী ও চরাঞ্চলের চিনা কাউন আবাদ তলিয়ে যাচ্ছে। এতে কুড়িগ্রামের রৌমারী, চিলমারী ও রাজীবপুর উপজেলার অধীনে প্রায় অর্ধশত চর জনপদের ১ হাজার একর চিনা ও কাউনের আবাদ পানিতে ডুবে গেছে। নদের তীরবর্তী দোলা নিচু এলাকায় এ বছর প্রায় হাজারের ওপর চিনা ও কাউন চাষ হয়েছে। আবাদ হয়েছে ভালো। এতে কৃষক তাদের চিনা কাউন নিয়ে খুশিতে স্বপ্ন দেখছিল। কিন্তু হঠাত্ করে গত কয়েকদিনে নদে পানি বৃদ্ধি পাওয়ায় তা ডুবে গেছে। আর ক’দিন পরেই কৃষক যে চিনা কাউন ঘরে তুলত তা পানির নিচে পড়ছে। এতে চরের কৃষক দিশেহারা হয়ে পড়েছে। রাজীবপুর উপজেলার সন্ন্যাসীকান্দি চরের কৃষক সাহার আলী বলেন, ‘চরের ৩ বিঘা জমিতে চিনা আবাদ করেছি। আবাদ দেইখা মন জুড়াই গেছিল। ৫দিন পরই যে চিনা ঘরে তুলতাম তা পানিতে ডুবে যাচ্ছে। কি আর করমু তাই আধাপাকা চিনা কাটছি।’ রৌমারী কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, এবছর চরে খুবই ভালো চিনা কাউনের চাষ হয়েছে। কিন্তু নদের পানি বৃদ্ধির ফলে তা যুবে যাচ্ছে বলে জানতে পেরেছি। পানি দ্রুত না নামলে চিনা কাউনের ফলন নিয়ে আশঙ্কা তো রয়েছেই।