রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের সফরের প্রতিবাদে ৬ বাঙ্গালী সংগঠনের ডাকা দুইদিনের সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের সড়ক ও নৌপথে দূরপাল্লার যানবাহন ও নৌ-পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের অভ্যন্তরীণ রুটে অটোরিকশা চলাচল করছে।
অবরোধকারীরা রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি ও ভেদভেদী আনসার ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের প্রধান সড়কের উপর ব্যরিকেড সৃষ্টি করেছে। পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদসহ ৬ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং করে। অবরোধের ফলে সড়কের দুইপাশে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়। অবরোধের ফলে সিএইচটি কমিশনের প্রতিনিধি দল সকালে রাঙ্গামাটি আসার কথা থাকলেও আসতে পারেনি। পরে দুপর ১ টায় সিএইচটি কমিশনের প্রতিনিধি দল খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে সংগঠনগুলো অবরোধ তুলে নেয় এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
