সুতার মিলের বিষাক্ত বর্জ্যে পরিবেশ দূষিত

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৭
শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে করতোয়া নদী তীরবর্তী এলাকায় গড়ে উঠছে অনুমোদনবিহীন সুতা রঙ করা প্রসেস মিল। সুতার মিলের বিষাক্ত রাসায়নিক রঙের বর্জ্যে নদীর পানি বিষাক্ত ও পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের ফলে ব্যাহত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ভুক্তভোগীরা জানান, নদীর পানি তালগাছি, গাড়াদহ, বাজারঘাটি, মাকড়কোলা, বাড়ই টেপরীসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ গোসল, রান্না, গবাদি পশুকে গোসল ও খাওয়ানোসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। গোসল করলে শরীরে বিভিন্ন প্রকার চর্ম রোগ দেখা দিচ্ছে এবং পানিতে দুর্গন্ধ ও ব্যবহার অনুপযোগী। নদীর পানি দূষিত হওয়ার কারণে মাছসহ সকল জলজ প্রাণী মরে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে সুতা রঙ করা মিলের জেনারেটরের উচ্চ শব্দে ছেলে-মেয়েদের লেখাপড়ার সমস্যা হচ্ছে। গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, এ সব মিল মালিকরা ইউনিয়ন পরিষদ থেকে কোনো অনুমোদন না নিয়েই অবৈধভাবে বিষাক্ত রঙের কারখানা গড়ে তুলেছে। বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মির কাশেম জানান, অবৈধ মিল মালিকদের নোটিস করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গাড়াদহ ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. আসমা সিদ্দিকী জানান, তালগাছি, বাজারঘাটি ও মাকড়কোলা গ্রাম থেকে চর্মরোগে আক্রান্ত অনেক রোগী চিকিত্সার জন্য হাসপাতালে আসেন।