নারীদের চরম শ্লীলতাহানি ঘটাবেন এমন নিন্দনীয় হুমকি করে ভারতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লোকসভার তৃণমূল এমপি ও টালিউডের জনপ্রিয় তারকা তাপস পাল। নারীদের অবমাননার অভিযোগে বিভিন্ন মহল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠলেও দল তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু দল ছাড় দিলেও ইন্টারনেটের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যঙ্গ-বিদ্রুপ আর সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাপস পাল। ফেসবুক উপচে পড়ছে তাপস পালকে নিয়ে ব্যঙ্গ কবিতা, ছড়া ও নানারকম ঘৃণা প্রকাশক লেখায়। ফেসবুক ও টুইটার ব্যবহারকারীরা যে ভাষায় তাপসকে ধিক্কার জানিয়েছে, তা দেখলে যে কারো লজ্জায় মাথা নত হতে বাধ্য।
কেউ কেউ তাপস পালকে তুলনা করেছেন পাপোষের ধুলোর সঙ্গে! তাকে গালি দিতে গিয়ে বাঙালির গালাগালির ‘বিশ্বকোষে’ ফেসবুক ব্যবহারকারিরা যোগ করছেন নতুন নতুন শব্দ। দাদার কীর্তি সিনেমার পোস্টারটি ফটোশপে বদলে করা হয়েছে ‘গাধার কীর্তি’! পোস্টারটি শেয়ার করেছে অগণিত ফেসবুক ব্যবহারকারী। কেউ কেউ লিখেছেন, সুকুমার রায় যদি বেঁচে থাকতেন তাহলে তাপসকে নিয়ে কি সুন্দর সুন্দর ছড়া লিখতে পারতেন! একটি সিনেমার পোস্টারে তাপস পালকে করা হয়েছে ‘পাপোষ’ পাল! তাকে নিয়ে প্রতিদিন বের হচ্ছে নতুন নতুন জোকস।
নতুন বক্তৃতার সন্ধান: এদিকে নারীদের শ্লীলতাহানির হুমকির সমালোচনার রেশ কাটতে না কাটতেই তাপস পালের আরেকটি ‘জ্বালাময়ী’ ভাষনের ভিডিও ইন্টারনেটে প্রকাশ হয়েছে। এতে তাপসকে বলতে শোনা যায়, ‘নিজেদের কাছে কুড়াল রাখুন, ভোজালি রাখুন, নিজেরা মারুন। মাথার মধ্যিখানে মারুন। তারপর কে আপনাদের জেলে নিয়ে যায় আমি দেখব।’ একজন সিপিএম নেতার বাড়ি হামলার উসকানি দেন তিনি এইভাবে, ‘আপনারা যদি ওর (সিপিএম নেতা রফিকুল) বাড়ি ভেঙে দিতে পারেন, বুঝবো আপনাদের দম আছে। আমি বলছি, ওর বাড়ি ভেঙে দিন।’ জানা গেছে, তাপস পালের অনুসারীরা দাদার কথা রেখেছিলেন! সিপিএম নেতার বাড়ি ভেঙে বুঝিয়ে দিয়েছিলেন তাদের দম আছে!
