সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
গোবিন্দগঞ্জের হাওয়াখানা এলাকায় গতকাল শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত ও তার শিশু সন্তান আহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় অজ্ঞাতনামা এক মহিলা ও তার কোলের সন্তানসহ গুরুত্বর আহত হন। গোবিন্দগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মহিলাকে মৃত বলে জানান। আহত শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনায় গৃহবধূর আত্মহত্যা
নেত্রকোনা সদর উপজেলার হাটখোলা গ্রামে গতকাল শনিবার ভোরে রেখা আক্তার (২৬) নামে এক গৃহবধূ স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিবাহের পর থেকে স্বামী নয়ন মিয়ার সাথে তার বনিবনা হচ্ছিল না। স্বামী নয়ন মিয়ার সাথে অপর এক মহিলার অবৈধ সম্পর্ক থাকায় রেখা এর প্রতিবাদ করে আসছিল। কিন্তু গত শুক্রবার তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার ভোরে রেখা গলায় দড়ি দিয়ে ঘরেই আত্মহত্যা করে। ঘটনার পর থেকে নয়ন মিয়া পলাতক।
উল্লাপাড়ায় যুবকের আত্মহত্যা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামে গত শুক্রবার রাতে বাসু হালদার (২০) নামে এক ব্যক্তি ভাইয়ের উপর রাগ করে বিষ খেয়ে আত্মহত্যা করেন।
বাসুর পরিবার জানায়, তার বড় ভাই জীবন পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাইকে বকাঝকা করায় সে আত্মহত্যা করেছে।
উল্লাপাড়া থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নাফনদী থেকে মহিলার লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে গতকাল শনিবার সকালে তৈয়ুবা আক্তার নামে এক গৃবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তৈয়ুবা মৃগ রোগে ভুগছিলেন বলে তার পরিবার জানায়।
টেকনাফ মডেল থানার ওসি মোক্তার হোসেন বলেন, কোন অভিযোগ না করায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বড়াইগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না গ্রামে গত শুক্রবার রাতে ইঁদুর মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সুফিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূ মারা গেছে। সে সৌদী প্রবাসী সুরুজ আলীর স্ত্রী।
নিহতের পরিবার জানান, শুক্রবার বিকালে স্বামীর সাথে মোবাইলে সুফিয়া খাতুনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুফিয়া ঘরে থাকা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। পরে তার গোঙ্গানীর শব্দে প্রতিবেশীরা এগিয়ে এসে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টায় তিনি মারা যান।
