ভূমিদস্যুদের দখলদারিত্ব কোথায় নেই —ফুটপাত, রাস্তা, পতিতজায়গা, ডোবা-জলাশয়, খালবিল, চরাঞ্চল, নদী সর্বত্র। এই তো ঢাকার মিরপুরে বোটানিকাল গার্ডেনের পূর্বপাশে ছিল বিশাল জলাশয়। মাটি ফেলে ফেলে জলাশয়টি ভরাট করে ইদানীং করা হয়েছে প্রজেক্ট আর বাড়িঘর। এদিকে জলাশয় ভরাট করার জন্য রূপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর সড়কের ওপর দিয়ে দিনে রাতে সমানে ট্রাকের পর ট্রাকে মাটি বহন করে নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ২৭ নম্বর সড়কের অবস্থা এতোই খারাপ যে, এ পথে সিএনজি, প্রাইভেট কার, রিকশা ঢুকতে চায় না। যারা বোটানিকাল গার্ডেনের পূর্ব পাশের জলাশয় ভরাট করার জন্য ট্রাকে করে মাটি নেওয়ার নির্দেশ দিয়েছে তাদের কাছ থেকে ২৭নম্বর সড়কসহ অন্যান্য রাস্তা সংস্কারের খরচ আদায় করা হোক। সেইসঙ্গে রূপনগর আবাসিক এলাকায় ট্রাক প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
লিয়াকত হোসেন খোকন,
রূপনগর, ঢাকা
