নরসিংদী প্রতিনিধি
উঠান দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই সোহেলের ছুরিকাঘাতে বড়ভাই বজলুর রহমান (৪৫) নিহত হয়েছে। গতকাল শনিবার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচের চর পূর্বপাড়ায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ জানিয়েছে, কোচের চর গ্রামের মৃত গয়েছ আলীর ছোট ছেলে সোহেলের সাথে বড় ভাই বজলুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বৃষ্টির সময় বড় ভাইয়ের উঠানের অংশ থেকে ছোট ভাইয়ের উঠান দিয়ে পানি গড়িয়ে যাবার ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই সোহেল মিয়া বজলুর রহমানকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে বড়ভাই বজলুর রহমান ঘটনাস্থলে নিহত হন। পরে এলাকাবাসী ঘাতক সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মনোহরদী থানায় মামলা হয়েছে।
