রাজশাহী অফিস
উত্তরাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিষ্ঠার ৬১ বছর পূর্তি উত্সব আজ ৬ জুলাই।
এ উপলক্ষে ক্যাম্পাসের সিনেট ভবন চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত সংসদ সদস্য মিসেস আখতার জাহান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। দিবসের অনুষ্ঠানসূচিতে রয়েছে সকাল ১০টা ৫ মিনিটে সিনেট ভবন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণ; সকাল ১০টা ১৫ মিনিটে বৃক্ষরোপণ; সকাল ১০টা ৩০ মিনিটে শোভাযাত্রা এবং বেলা ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান। পরিচালনা করবেন ছাত্র উপদেষ্টা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন।
