মিসরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের শীর্ষনেতা মোহাম্মদ বাদিসহ ৩৭ ইসলামপন্থীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে। এছাড়া আরো ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে একই আদালত। মৃত্যুদণ্ড পাওয়া বেশিরভাগ লোকই পলাতক রয়েছেন। সহিংস বিক্ষোভে জড়িত থাকার দায়ে বাদিকে এ দণ্ড দেয়া হয়েছে। এর আগে গত বছর সামরিক বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সহিংসতার দুটি মামলায় বাদির মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। যে ১০ জনকে আদালত মৃত্যুদন্ড দিয়েছে তাদের সবাইকে মিসরের পৃথক আদালত একটি থানায় হামলায় জড়িত অভিযোগ মৃত্যুদন্ড দিয়েছিল। এই গণ সাজার ঘটনায় মিসরের আদালত আন্তর্জাতিক সমালোচনার শিকার হয়েছে।
গতকাল রায় দেয়ার সময় বিচারক হাসান ফরিদ বলেন, অভিযুক্তরা গত বছর জুলাই মাসে দু’জন ব্যক্তিকে হত্যা এবং সহিংসতায় জড়িত ছিলেন। তাই তাদের এই কঠোর সাজা দেয়া হলো।
