৩৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসি মুক্ত

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২২:২৭
দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে দীর্ঘ ৩৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্তি পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী। গত শুক্রবার রাতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভিসির আলোচনার পর তাকে মুক্ত করা হয়। আন্দোলন কর্মসূচি আগামী ১৯ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে তাকে অবরুদ্ধ করা হয়। আন্দোলনকারী কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, চাকরি স্থায়ীকরণ ও ১৪ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে গত বৃহস্পতিবার থেকে ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান ধর্মঘট পালন করে আসছিলেন। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক এটিএম গোলাম ফিরোজ, কর্মচারী ইউনিয়নের সভাপতি আতিকুজ্জামান সুমন, সেকশন অফিসার রেজাউল ইসলাম লাবুর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী, উপাচার্য এবং আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা বৈঠকে বসে। দেড় ঘণ্টা আলোচনার পর উপাচার্য, ইউজিসির অনুমোদন সাপেক্ষে ১৩৮ জন কর্মচারী পদায়নে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা ১৯ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে দাবি মেনে না নেয়া হলে ২০ জুলাই উপাচার্যের সঙ্গে বৈঠক শেষে আবারোও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বৈঠকে কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্দোলনকারী কর্মকর্তা ওবায়দুর রহমান, রফিকুল ইসলাম, গোলাম নূর, আবু তাহের, শুভংকর রায়, কর্মচারীদের মধ্যে মো. সোহেল, গোলাম রব্বানিসহ অন্য কর্মকর্তারা। উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী জানান, দুইদিন অবরুদ্ধ থাকার পর রাতেই ক্যাম্পাসের বাসায় তিনি ফিরে যান। তিনি ইউজিসির অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।