ভারতের কাছ থেকে ৭৫ বিঘা জমির দখল নিল বাংলাদেশ

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২২:৫৭
দীর্ঘ ৬৬ বছর পর চুয়াডাঙ্গার দক্ষিণ-পশ্চিম সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন অপদখলীয় ৭৫ বিঘা জমি শনিবার বাংলাদেশ সরকারের দখলে নেয়া হয়েছে। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর নিরলস প্রচেষ্টা এবং সাংবাদিকদের সাহসী লেখনীর কারণেই এই জমি উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের অভিমত। জানা যায়, বিগত ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তত্কালীন চুয়াডাঙ্গা মহকুমার জীবননগর থানাধীন সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন ৬১/৩-এস থেকে ৬১/৯-এস পর্যন্ত ৭৫ বিঘা জমি অপদখল অবস্থায় ছিল। ঐ জমিতে প্রথমাবস্থায় ভারতীয় কিছু সাঁওতাল এবং নিম্ন বর্ণের হিন্দু পরিবার বসবাস করত। পরবর্তীতে ১৯৪৮ সালে বসবাসকারীরা ঐ জমি ছেড়ে ভারতে চলে যায়। তখন থেকেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ঐ জমি ভারতের মালিকানাধীন বলে দাবি করলে ৭৫ বিঘা জমিই অপদখলীয় থেকে যায়। এদিকে ১৯৬০ সালের ভূমি জরিপে ঐ জমি তত্কালীন পাকিস্তান সরকারের মালিকানাধীন চুয়াডাঙ্গা মহকুমা প্রশাসকের ১নং খতিয়ান হিসেবে রেকর্ড হয়। পরবর্তীতে অপদখলীয় ঐ ৭৫ বিঘা জমি বৈধ দখলিস্বত্ব পেতে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখে। একই সাথে স্থানীয় সাংবাদিকগণ জাতীয় সংবাদপত্রসমূহে একাধিকবার আলোচ্য এ বিষয়টি নিয়ে সাহসিকতাপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। উল্লেখ্য, নব্বই এর দশকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়। যৌক্তিকতার আলোকে শেষ পর্যন্ত ভারতীয় বিএসএফ ঐ জমির দাবি থেকে নির্লিপ্ত হয়। চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়ন গতকাল শনিবার সকালে ঐ জমি পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ সরকারের দখলভুক্ত করে নেয়।