শীর্ষ সন্ত্রাসী মানিকের ভাই চাঁদাবাজ ফারুক গ্রেফতার

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২৩:০১
তেইশ শীর্ষ সন্ত্রাসী তালিকার অন্যতম জাফর আহমেদ মানিকের বড়ভাই ফারুক আহমেদ ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে রজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। গতকাল শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান জানান, চাঁদাবাজির অভিযোগে ফারুকের বিরুদ্ধে রমনা থানায় ২টি ও শাজাহানপুর থানায় ১টি মামলা রয়েছে। এর আগে ১৯৮৯ সালের ১১ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর বাসভবনে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় জাফর আহমেদ মানিক অন্যতম আসামি। মানিক বর্তমানে বিদেশে আত্মগোপন করে তার বড় ভাইয়ের মাধ্যমে খিলগাঁও, শাজাহানপুর ও রমনা এলাকায় চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির টাকা ফারুক হুন্ডির মাধ্যমে মানিকের কাছে পাঠাতেন। চাঁদাবাজির শিকার কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে মাঠে নামে রমনা থানা পুলিশ। শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফারুক আহমেদকে গ্রেফতার করে পুলিশ।