বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের আগমন রুখতে বাঙ্গালি সংগঠনগুলোর ডাকা টানা ৪দিনের সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকেই সংগঠনগুলোর নেতা-কর্মীরা বান্দরবান-চট্টগ্রাম প্রধান সড়কের বাসস্ট্যান্ড এলাকাসহ জেলার প্রবেশপথ গুলোতে অবস্থান নিয়ে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। অবরোধের কারণে বান্দরবান ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক এবং নৌ চলাচলও। অবরোধের কারণে বাসস্ট্যান্ড এবং নদীর পাড়ে শতশত যাত্রীর ভিড় জমে যায়। বান্দরবান জেলা নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান জানান, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারী, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে উস্কানিদাতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনকে বান্দরবান জেলায় ঢুকতে দেয়া হবে না। কমিশন যেখানেই যাচ্ছে, সেখানে পাহাড়ি-বাঙ্গালি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
