ছয় দফা দাবিতে রংপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা বিক্ষোভ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। গতকাল রবিবার মহানগরীর তাজহাট ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে তারা বলেন, ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি কোর্সকে ধ্বংস করার জন্য তিন বছরের স্থলে পাঁচ বছর করা হয়েছে। অবিলম্বে যদি তাদের দাবি মেনে নেয়া না হয় তবে বৃহত্তর পর্যায়ে আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে তারা সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ঘেরাও করে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে ভর্তি যোগ্যতা পাঁচ বছর থেকে দুই বছর, জিপিএর মান ২.৫০ থেকে ৪ পয়েন্ট করা, ফার্মেসি ও বিএসসি কোর্স চালু, স্থগিত নিয়োগ প্রক্রিয়া দ্রুত চালু, ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাকটিস রেজিস্ট্রেশন ও তাদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান করা।
বরিশালে হেলথ টেকনোলজির
শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশাল অফিস জানায়, বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল রবিবার সকালে অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ঈদের পর তারা কঠোর আন্দোলনে নামবেন। এসময় আমিনুল ইসলাম আতিক, তন্ময় আচার্য, স্বপ্না মন্ডলসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
