খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে :ফখরুল

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২৩:০১
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে, তা আমরা জানি। তাই খালেদা জিয়ার বিন্দু পরিমাণ ক্ষতি করার চেষ্টা করা হলে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া জঙ্গি ও সন্ত্রাসের সমার্থক। তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে’। তারা গণবাহিনীর নেতৃত্ব দিয়ে সশস্ত্রভাবে তত্কালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তিনি এখন মন্ত্রী হয়েছেন। তারা এ কথা বলতে পারেন। রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত জয়নুল আবদিন ফারুককে ‘হত্যা চেষ্টার’ তৃতীয় বার্ষিকী উপলক্ষে প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, এবিএম মোশাররফ হোসেন, এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মতো একটি দল রাজনৈতিকভাবে বিরোধী দলকে মোকাবেলা করতে পারছে না। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। সে কারণে দলটির নেতারা অবান্তর কথা বলছেন। সরকারের পায়ের তলায় মাটি নেই।